দেশে বর্তমানে রাষ্ট্রীয়ভাবে কালবৈশাখী ঝড় চলছে: হাসনাত আবদুল্লাহ

চাটগাঁ নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে বর্তমানে রাষ্ট্রীয়ভাবে কালবৈশাখী ঝড় চলছে। তিনি অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় এসে সংস্কারবিরোধী অবস্থান নিয়েছে এবং জুলাই আন্দোলনের চেতনা থেকে সরে গেছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব-এর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি হলে আয়োজিত এনসিপির এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল রাষ্ট্র সংস্কার ও নতুন বাংলাদেশ গড়া। কিন্তু বিএনপি এখন সেই অবস্থান থেকে সরে এসেছে বলে তিনি দাবি করেন। তার ভাষায়, দলের অনেক ত্যাগী নেতাকর্মীও বর্তমান রাজনৈতিক বাস্তবতায় হতাশ।

তিনি আরও বলেন, বিএনপির বহু নেতাকর্মী নীরবে এনসিপির সঙ্গে যোগাযোগ করছেন এবং নতুন রাজনৈতিক ধারার প্রতি আগ্রহ দেখাচ্ছেন। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে মানুষকে সংগঠিত করার আহ্বান জানান।

নারী নেতৃত্ব প্রসঙ্গে হাসনাত বলেন, জুলাই আন্দোলনে চট্টগ্রামের নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। কিন্তু পরবর্তীতে তাদের সাংগঠনিকভাবে একত্রিত করা সম্ভব হয়নি। এজন্য অনেক নারী রাজনীতি থেকে সরে যেতে বাধ্য হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। নারীদের পুনরায় সংগঠিত করে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

চট্টগ্রামের রাজনৈতিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একসময় যখন ঢাকায় আন্দোলন থমকে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন চট্টগ্রাম থেকেই আন্দোলন নতুন গতি পেয়েছিল। তার আশা, চট্টগ্রামে এনসিপির যে সাংগঠনিক বিস্তার শুরু হয়েছে, তা ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়বে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top