পশ্চিমবঙ্গ নির্বাচনের পর বাংলাদেশের দায়িত্ব বেড়েছে: নাহিদ ইসলাম

চাটগাঁ নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনের পর বাংলাদেশের দায়িত্ব আরও বেড়ে গেছে।

তিনি বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় চট্টগ্রাম প্রেসক্লাব-এর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি হলে।

নাহিদ ইসলাম বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ বিষয় হলেও নির্বাচনকে ঘিরে কয়েক লাখ ভোটারের নাগরিকত্ব বাতিল এবং ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ সামনে এসেছে। তার দাবি, এসব মানুষের বড় অংশই মুসলমান ও মতুয়া সম্প্রদায়ের।

তিনি আরও বলেন, নির্বাচনের পরও সেখানে মুসলিম, মতুয়া, দলিত ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের খবর পাওয়া যাচ্ছে। এ পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।

এনসিপি আহ্বায়ক বলেন, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া বিভিন্ন পক্ষ সাম্প্রদায়িক উসকানি ও অপপ্রচার ছড়ানোর চেষ্টা করতে পারে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের জন্য সবচেয়ে নিরাপদ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব নাগরিকের সমঅধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। পাশাপাশি বাংলার মুসলমান, দলিত ও মতুয়া সম্প্রদায়ের অধিকারের পক্ষেও বাংলাদেশকে কথা বলতে হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, অভ্যন্তরীণ বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যোগ্যতার ভিত্তিতে সবাইকে এনসিপির পতাকাতলে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐক্যই তাদের সবচেয়ে বড় শক্তি।

তিনি আরও বলেন, দেশে নতুন করে সংকট তৈরি হয়েছে এবং জুলাই গণহত্যা ও সংস্কার বাস্তবায়নে আন্দোলন ও রাজনৈতিক সংগ্রাম চালিয়ে যেতে হবে। আন্দোলনে অংশ নেওয়া নারীদের অধিকার রক্ষাতেও দল কাজ করবে বলে জানান তিনি।

স্বাস্থ্যখাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় শিশু মৃত্যুর ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতিতে সরকারকে চিকিৎসাসেবা আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top