চাটগাঁ নিউজ ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে আগামী ১২ মে থেকে দেশের দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। এর আগে সন্ধ্যা ৭টার মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা কার্যকর ছিল।
বৃহস্পতিবার (৭ মে) দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ঈদুল আজহাকে কেন্দ্র করে ক্রেতা ও ব্যবসায়ীদের সুবিধার কথা বিবেচনা করে দোকানপাট রাত ১১টা পর্যন্ত খোলা রাখার আবেদন করা হয়েছিল। তবে সরকার রাত ১০টা পর্যন্ত ব্যবসা পরিচালনার অনুমতি দিয়েছে।
এক ভিডিও বার্তায় তিনি আরও বলেন, বাড়তি সময় দোকান খোলা রাখলেও অতিরিক্ত আলোকসজ্জা ও অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে সরকার।
জ্বালানি সংকট মোকাবেলায় গত ৩ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। পরে ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা শেষে ৫ এপ্রিল থেকে সেই সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করা হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন






