রাঙ্গুনিয়া প্রতিনিধি: জীবন ও জীবিকার তাগিদে সুদূর ওমানে পাড়ি জমিয়েছিলেন রাঙ্গুনিয়ার যুবক মো. মহসিন (৩০)। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সেখানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাতে হলো তাকে।
টানা ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে বুধবার (৬ মে) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে ওমানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নিহত মো. মহসিন রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাহেদ আলী বাড়ির নুরুল আলমের ছোট ছেলে। তিনি দুই ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১ মে ওমানের মাস্কাটের আল খয়ের এলাকায় কর্মস্থল থেকে ব্যাটারিচালিত মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন মহসিন। পথে তার মোটরসাইকেলটি বিকল হয়ে গেলে সড়কের পাশে দাঁড়িয়ে সেটি পরীক্ষা করছিলেন তিনি। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি প্রাডো গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাস্কাটের ডারসেইট এলাকার সরকারি খৌলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়।
ওমানে অবস্থানরত একই এলাকার বাসিন্দা তৈয়ব খান জানান, মহসিন অত্যন্ত পরিশ্রমী ও শান্ত স্বভাবের ছিলেন। ২০১৭-১৮ সালের দিকে তিনি প্রথম ওমানে যান। সর্বশেষ ৭-৮ মাস আগে দেশে এসে বিয়ে করেন। বিয়ের মাত্র দুই-তিন মাস পর আবার কর্মস্থলে ফিরে যান তিনি। নতুন সংসার গুছিয়ে ওঠার আগেই তার এমন অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
এদিকে মহসিনের মৃত্যুর খবর গ্রামের বাড়ি পারুয়ায় পৌঁছালে এলাকায় শোকের মাতম শুরু হয়। পরিবারের ছোট ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছেন বাবা-মা ও স্বজনরা। তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পরিবার।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন






