চাটগাঁ নিউজ ডেস্ক : ডিসি হিলের পূর্বপ্রান্তে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিস্তম্ভ উদ্বোধন করার দুই মাস না যেতেই চুরি হয়ে গেছে নামফলকের কিছু অংশ। স্তম্ভের গায়ে লেখা গোল্ডেন প্লেটের ‘নজরুল’ শব্দটি তুলে নিয়ে গেছে অজ্ঞাত ব্যক্তিরা।
গত দুইদিন ধরে এই চিত্র দেখা গেলেও বিষয়টি জানেন না সংশ্লিষ্টরা। এর আগে ১১ মার্চ এখানে কবির নতুন স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়। তখন ডিসি হিল সংস্কারের অংশ হিসেবে পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে বলে জানায় জেলা প্রশাসন।
প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ‘স্ক্রিপ্ট’ এর উদ্যোগে নির্মিত ‘বল বীর বল উন্নত মম শির’ শিরোনামে এমএস প্লাজমা কাচ দিয়ে কবির পোর্ট্রেট নির্মাণ করে নিচে নামফলক লাগানো হয়।
সেখানে লেখা হয়-‘ডিসি হিলস্থ নজরুল স্কয়ার সংস্কার ও সৌন্দর্যবর্ধন প্রকল্প শুভ উদ্বোধন করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা প্রশাসক, চট্টগ্রাম। তত্ত্বাবধানে মো. ছাইফুল্লাহ মজুমদার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, চট্টগ্রাম’। এছাড়া বেস্টনীর ভেতর প্রবেশ না করার নির্দেশনাও দেওয়া হয়।
সরেজমিন দেখা গেছে, গোল্ডেন প্লেটের ‘নজরুল’ শব্দটি নেই। স্তম্ভের নিচে পড়ে আছে প্যাকেটসহ সুপার গ্লু। ডিসি হিলে হাঁটতে আসা কয়েকজন জানালেন, সকাল-সন্ধ্যা সেই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে সবাই ছবি তোলে। সন্ধ্যার পর ভবঘুরে মানুষের আনাগোনা বাড়ে। নেশাগ্রস্তরা সেখানে ফুটপাতে বসে আড্ডা দেয়, ঘুমায়। লোহার বেস্টনী পেরিয়ে সহজেই ভেতরে ঢোকা যায়।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, ‘আমি ১৫ মার্চ যোগদান করেছি। নামফলকের কিয়দংশ চুরির বিষয়ে অবগত নই। এ ব্যাপারে খোঁজ নেওয়া হবে’।
উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছিলেন, ‘এই পার্কের এরিয়া মূলত একটি সাংস্কৃতিক কেন্দ্র। নজরুল স্কয়ার স্থাপন করা হয়েছিল ২০০৫ সালে। কিন্তু রাস্তা অনেক উঁচু হয়ে গিয়েছিল। ওয়াকওয়ে বেশি উঁচু হয়ে যায়। বিদ্রোহী কবির মনুমেন্ট অনেক নিচু হয়েছিল। অন্ধকারাচ্ছন্ন ও জীর্ণশীর্ণ অবস্থায় পড়ে ছিল। উনাকে সম্মানের জায়গায় রাখতে হবে। সেই লক্ষ্যে নতুনভাবে সাজিয়েছি’।
চাটগাঁ নিউজ/এসএ





