মিরসরাইয়ে বাসের ধাক্কায় প্রথম শ্রেণির ছাত্রী নিহত

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় নুসরাত জাহান (৬) নামে প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুর ১২টার দিকে উপজেলার চিনকি আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুসরাত জাহান উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। তিনি উত্তর সোনাপাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল থেকে বাড়ি ফেরার পথে নুসরাত মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী জোনাকি পরিবহনের একটি দ্রুতগতির বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

এ বিষয়ে জোরারগঞ্জ চৌধুরীহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফুজ্জামান ভুঁইয়া জানান, চিনকি আস্তানা এলাকায় জোনাকি পরিবহনের একটি বাসের ধাক্কায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বাসটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছেন।

চাটগাঁ নিউজ/বাবলু/এমকেএন

Scroll to Top