চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে আলোচিত সংঘবদ্ধ ধর্ষণ ও অপহরণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। গ্রেপ্তার মো. রশিদ (২৮) টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুলালপাড়া এলাকার বাসিন্দা এবং আলী আহম্মদের ছেলে।
মঙ্গলবার (৫ মে) র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে টেকনাফ পৌরসভার শাপলা চত্বর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মামলার এজাহারভুক্ত আসামি রশিদকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, সংঘবদ্ধ ধর্ষণ ও অপহরণের ঘটনার পর থেকেই রশিদ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তিনি টেকনাফ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার অন্যতম আসামি।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





