কাপ্তাইয়ে বৃষ্টি হলেও বাড়েনি বিদ্যুৎ উৎপাদন, ৫ ইউনিটের মধ্যে চালু মাত্র ১টি

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: গত কয়েকদিন ধরে রাঙামাটির কাপ্তাই লেক এলাকায় মুষলধারে বৃষ্টিপাত হলেও কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে (কপাবিকে) এখনো বিদ্যুৎ উৎপাদন বাড়েনি। পানির স্বল্পতার কারণে কেন্দ্রটির ৫টি ইউনিটের মধ্যে বর্তমানে মাত্র ১টি ইউনিট চালু রয়েছে।

সোমবার (৪ মে) সকাল ৯টা পর্যন্ত ২ নম্বর ইউনিট থেকে মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। অথচ কেন্দ্রটির ৫টি ইউনিট থেকে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কপাবিকের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, শুষ্ক মৌসুমে কাপ্তাই লেকের পানির স্তর স্বাভাবিকভাবেই কমে যায়। সাম্প্রতিক বৃষ্টিপাত হলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়।

তিনি আরও জানান, রুল কার্ভ অনুযায়ী এ সময় কাপ্তাই লেকে পানির স্তর থাকার কথা ৮১.৪৩ ফুট (মিন সি লেভেল)। তবে সোমবার সকাল ৯টা পর্যন্ত পানির স্তর ছিল ৭৭.৯৮ ফুট, যা নির্ধারিত মাত্রার চেয়ে ৩.৪৫ ফুট কম।

কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা জানান, বৃষ্টিপাত বৃদ্ধি পেলে এবং লেকের পানির স্তর বাড়লে পর্যায়ক্রমে বাকি ইউনিটগুলো চালু করা সম্ভব হবে।

চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন

Scroll to Top