উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় যানজট নিরসনে আবারও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং ফুটপাত দখলের দায়ে জরিমানাও আদায় করা হয়েছে।
সোমবার (৪ মে) সকালে উপজেলার কুতুপালং বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। প্রশাসন জানিয়েছে, এক সপ্তাহের ব্যবধানে এটি দ্বিতীয় দফার উচ্ছেদ অভিযান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বার্থে যানজট নিরসন এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বাজারের প্রধান সড়কের দুই পাশ দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানের সময় মোবাইল কোর্ট পরিচালনা করে ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
প্রশাসন আরও জানায়, উচ্ছেদ অভিযানের পর যাতে কেউ পুনরায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করতে না পারে, সে বিষয়ে বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বাজার ব্যবস্থাপনা কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়মিত নজরদারি জোরদারের আহ্বান জানানো হয়েছে।
এ সময় উখিয়া থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, স্কাউট সদস্য, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বাজার ব্যবস্থাপনা কমিটি এবং স্থানীয় জনগণ প্রশাসনকে সহযোগিতা করেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কুতুপালং বাজারে তীব্র যানজট সাধারণ মানুষের দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ফুটপাত দখল করে দোকান বসানো, সড়কে মালামাল ফেলে রাখা এবং জনসচেতনতার অভাবে পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে।
সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা বলেন, জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বাজার এলাকায় যানজট কমাতে এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন, কুতুপালং বাজারে দীর্ঘদিন ধরে যানজট একটি বড় সমস্যা। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে। কেউ যাতে পুনরায় ফুটপাত ও সড়ক দখল করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন





