চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামসহ দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

রবিবার (৩ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত বিশেষ আবহাওয়া বার্তায় এ পূর্বাভাস দেওয়া হয়।

আবহাওয়া অফিস জানায়, চট্টগ্রাম, ঢাকা, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে উত্তর কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

পাশাপাশি ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৈরী আবহাওয়ার এই পরিস্থিতিতে নৌযান চালকদের সতর্ক থাকার পাশাপাশি সাধারণ মানুষকেও প্রয়োজন ছাড়া খোলা স্থানে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top