চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও সিভিল এভিয়েশনের যৌথ অভিযানে প্রায় ২৭ লাখ ৩০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট এবং একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে।
শনিবার (২ মে) রাতে বিমানবন্দরের কাস্টমস হলে পৃথক দুটি তল্লাশি অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়।
বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বিমানবন্দরে বিশেষ নজরদারি শুরু করে। রাত ৯টা ৫০ মিনিটে ‘সালাম এয়ার’-এর মাস্কাট থেকে আসা একটি ফ্লাইট অবতরণের পর যাত্রী ও লাগেজ তল্লাশি জোরদার করা হয়।
অভিযানের একপর্যায়ে রাত ১০টা ৪০ মিনিটের দিকে কাস্টমস হলের একটি যাত্রীবিহীন কনভেয়ার বেল্ট থেকে ১ হাজার ৬৫ কার্টুন মালিকবিহীন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। একই সময়ে সন্দেহভাজন এক যাত্রীর কাছে তল্লাশি চালিয়ে আরও ২৮০ কার্টুন ‘মন্ড’ ব্র্যান্ডের সিগারেট এবং একটি ল্যাপটপ পাওয়া যায়।
আটক যাত্রী মো. শামসুদ্দিন কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দ হওয়া সিগারেটগুলো আমদানি নিষিদ্ধ ও নিয়ন্ত্রিত পণ্যের আওতাভুক্ত। এ কারণে ডিটেনশন মেমো (ডিএম) মূলে সেগুলো জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
উদ্ধার হওয়া মোট ১ হাজার ৩৪৫ কার্টুন বিদেশি সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৬ লাখ ৩০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ল্যাপটপসহ জব্দ হওয়া পণ্যের সম্মিলিত মূল্য দাঁড়িয়েছে প্রায় ২৭ লাখ ৩০ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহীম খলিল বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে চোরাচালানচক্রের একটি বড় চালান জব্দ করা সম্ভব হয়েছে। শাহ আমানত বিমানবন্দরকে চোরাচালানমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





