অল্প বৃষ্টিতে চট্টগ্রামের প্রবর্তক এলাকায় ফের জলাবদ্ধতা!

চাটগাঁ নিউজ ডেস্ক: দুই দিনের ব্যবধানে ফের পানিতে ডুবেছে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড় এলাকা। মাত্র এক ঘণ্টার বৃষ্টিতে এলাকাটিতে হাঁটু থেকে বুক সমান পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি করেছে।

আজ শনিবার (২ মে) বিকেলে ঘণ্টা খানেকের বৃষ্টি এমন পরিস্থিতি তৈরী করে। ফলে ভোগান্তিতে পড়ে উক্ত এলাকায় রোজ যাতায়াত করা কর্মজীবী মানুষ থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা। বিপাকে পড়েন চট্টগ্রাম মেডিক্যালসহ আশপাশের প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া রোগীরা।

তারা জানান, সামান্য বৃষ্টিতেই প্রবর্তক মোড়ে পানি জমে যাওয়ায় নিয়মিত দুর্ভোগ পোহাতে হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ চলমান থাকলেও এর সুফল এখনও দৃশ্যমান নয়। আমাদের প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ছে, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। ডাক্তার দেখাতে গিয়ে উল্টো আরো বেশি অসুস্থ হয়ে পড়ছেন রোগীরা।

একটি প্রাইভেট মেডিক্যালে ডাক্তার দেখাতে আসা মো. শাহজাহান বলেন, প্রবর্তকে ডাক্তার দেখাতে এসে পড়েছি বেকায়দায়। বৃষ্টি এসে চলে গেলেও পানি উঠে যাওয়ায় প্রায় ২ ঘণ্টা বসে থাকতে হয়েছে। কোনো গাড়ি পাচ্ছিলাম না। এই দুর্ভোগের শেষ কবে হবে জানি না।

এর আগে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীতে কোনো জলাবদ্ধতা হয়নি বলে দাবি করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতার খবর সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও কাল্পনিক। ২০২৪ সালের ছবি ছড়িয়ে দিয়ে একটি অপপ্রচার চালানো হয়েছে। তাঁর মতে, পাঁচটি স্থানে জলজট হয়েছিল।

উক্ত বক্তব্যের বিরোধীতা করে মো. রহিম নামে এক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা (মন্ত্রীরা) বিমানে চড়ে আসে যায়। সারাদিন এসি রুমে শুয়ে বসে থাকে। আমাদের মতো নর্দমা আবর্জনায় ভর্তি বুক সমান পানিতে চলাচল করলে তখন বুঝত আমাদের জ্বালা যন্ত্রণা কেমন। আসলে তাদের চক্ষুলজ্জা নেই। তাই চট্টগ্রামের জলাবদ্ধতা তাদের কাছে কেবল সামান্য জলজটের সমান!

এদিকে আজ শনিবার রাত ৯টায় পুনরায় জলাবদ্ধতার কবলে পড়া প্রবর্তক মোড় পরিদর্শন করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় তিনি এলাকাবাসীদের আরেকটু ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে বলেন, আর সামান্য কিছু কাজ বাকি আছে। আগামী ৫ দিনের মধ্যে কাজ সম্পন্ন করে খালের বাঁধ অপসারণ করে সবগুলো খাল উম্মুক্ত করে দেওয়া হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) মাত্র ৬ মিলিমিটার বৃষ্টিতেই নগরের প্রবর্তক মোড় ও আশপাশের এলাকা কোমরসমান নোংরা ও দুর্গন্ধযুক্ত পানিতে তলিয়ে যায়। এতে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

প্রবর্তক মোড়ের এই জলাবদ্ধতার কারণে জিইসি ও গোলপাহাড় মোড় এলাকাতেও তীব্র যানজট তৈরি হয়। পাঁচ মিনিটের পথ পার হতে এক ঘণ্টার বেশি সময় লেগে যায়।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top