আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রাম নগরীতে ৩ হাজার পিস ইয়াবাসহ মো. আরিফুল ইসলাম (২৫) নামের এক যুবককে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে নগরীর বায়েজিদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার দেখানো হয়। আটক যুবক জাতীয় নাগরিক পার্টি— এনসিপি আনোয়ারা উপজেলার সক্রিয় কর্মী বলে জানা গেছে।
আজ শনিবার (২ মে) নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ উত্তর বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিকেলে সিএমপির এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক যুবকের হেফাজত হতে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ কক্সবাজার জেলার বিভিন্ন মাদক উৎস হতে কম দামে সংগ্রহ করে ঘটনাস্থলে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। উক্ত আসামির বিরুদ্ধে সিএমপির বায়েজিদ বোস্তামি থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার আদালতে চালান করা হয়।

জানা গেছে, গ্রেপ্তার আরিফুল ইসলাম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুইদণ্ডী এলাকার বাসিন্দা। তিনি এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিকের অনুসারী হিসেবে পরিচিত। তার ব্যক্তিগত ফেসবুকে আনোয়ারা উপজেলায় এনসিপির রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় কার্যক্রম লক্ষ্য করা গেছে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/জেএইচ





