প্রবাসীদের জন্য চট্টগ্রামে অনলাইন গণশুনানির আয়োজন

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেছেন, প্রবাসীরা পরিবার থেকে দূরে থেকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁদের পাঠানো রেমিট্যান্সে দেশের আমদানি ব্যয়ের বড় অংশ মেটানো সম্ভব হচ্ছে। তাই প্রবাসীদের সম্মান জানাতে এবং তাঁদের সমস্যা সমাধানে এই অনলাইন গণশুনানির আয়োজন করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘প্রবাসীদের জন্য অনলাইন গণশুনানি’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা অনলাইনে যুক্ত হয়ে কার্যক্রমে অংশ নেন।

গণশুনানিতে বিদেশে অবস্থানরত ১১ জন প্রবাসী সরাসরি যুক্ত হয়ে তাঁদের নানা অভিযোগ তুলে ধরেন। এর মধ্যে জমি-জমা বিরোধ, অর্থ আত্মসাৎ, পারিবারিক জটিলতা, চাঁদাবাজি এবং মিথ্যা মামলার মতো বিষয় ছিল।

অভিযোগগুলো শোনার পর জেলা প্রশাসক সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। যেসব অভিযোগে তদন্ত প্রয়োজন, সেগুলোতে পুলিশকে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়।

জাহিদুল ইসলাম বলেন, দেশের অর্থনীতি মূলত গার্মেন্টস, কৃষি ও প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল। বিশ্বের প্রায় ১৬৫টি দেশে থাকা দেড় কোটির বেশি প্রবাসী বাংলাদেশি দেশের অর্থনীতিকে সচল রাখছেন।

গণশুনানিতে কাতারপ্রবাসী এক ব্যক্তি অর্থ আত্মসাতের অভিযোগ করেন। বিষয়টি গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক সংশ্লিষ্ট প্রশাসন ও থানাকে তদন্তের নির্দেশ দেন।

তিনি আরও বলেন, অনেক প্রবাসী বিদেশে কঠোর পরিশ্রমের পাশাপাশি দেশে থাকা সম্পত্তি ও পারিবারিক সমস্যার কারণে মানসিকভাবে বিপর্যস্ত হন। এসব সমস্যা দ্রুত সমাধান করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

প্রবাসীদের অভিযোগ আগেই সংগ্রহ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দূতাবাসের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানান জেলা প্রশাসক। তিনি বলেন, শুধু অভিযোগ শোনা নয়, দ্রুত সমাধান নিশ্চিত করাই প্রশাসনের অঙ্গীকার।

প্রযুক্তির কারণে এখন প্রবাসীরা দূর থেকেই সরাসরি অংশ নিতে পারছেন উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীরা দূরে নন—প্রশাসন সবসময় তাঁদের পাশে রয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, প্রাথমিকভাবে প্রতি বুধবার এক ঘণ্টার এই গণশুনানি অনুষ্ঠিত হবে। প্রয়োজনে সময় আরও বাড়ানো হবে।

এ সময় বিভিন্ন প্রবাসী জমি দখল, অর্থ আত্মসাৎ, মিথ্যা মামলা ও চাঁদাবাজির অভিযোগ তুলে ধরেন। প্রশাসন দ্রুত তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top