নাইক্ষ্যংছড়িতে খাল পার হওয়ার সময় রাবার শ্রমিকের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকায় রাবার বাগানে কাজ শেষে বাড়ি ফেরার পথে ফাঁড়িখাল পার হতে গিয়ে মোহাম্মদ মোস্তাক আহমদ (৬০) নামে এক রাবার শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ। নিহত মোস্তাক আহমদ স্থানীয় তুফান আলী পাড়ার মৃত ওলা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তাক প্রতিদিনের মতো সকাল ৬টার দিকে রাবার বাগানে কাজ করতে বের হন। প্রতিদিন বিকেল ৩টার দিকে তিনি বাড়ি ফিরতেন। তবে এদিন কাজ শেষে ফেরার পথে বছরের প্রথম কালবৈশাখী ঝড়ে পড়েন তিনি।

বাড়ি ফেরার সময় সজল কোম্পানির একটি রাবার ফ্যাক্টরির অদূরে ফাঁড়িখাল পার হওয়ার সময় তিনি মারা যান।

স্থানীয়দের ধারণা, প্রবল বৃষ্টিতে ভিজে তিনি দুর্বল হয়ে পড়েন। খাল পার হওয়ার সময় ঢলের পানির স্রোতে তৈরি বালুর গর্তে (চৌলা) পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে।

স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বাইশারী পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) মোহাম্মদ একরাম উল্লাহ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে দুটি কারণ ধারণা করা হচ্ছে—একটি হলো ঢলের পানিতে পা ফসকে পড়ে মৃত্যু। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, অন্য কোনো সন্দেহজনক কারণ পাওয়া যায়নি। নিহত ব্যক্তি একজন দরিদ্র দিনমজুর ছিলেন।

চাটগাঁ নিউজ/ইলিয়াছ/এমকেএন

 

Scroll to Top