চাটগাঁ নিউজ ডেস্ক: জাতীয় সংসদের হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, অনেক গণমাধ্যমে সাংবাদিকরা নিয়মিত বেতন পান না। আমি বিশ্বাস করি, এই দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যেভাবে বেতন পেয়ে থাকেন— আমি চাই যোগ্যতা অনুযায়ী সাংবাদিকদেরও সেভাবে বেতন হওয়া উচিত।
মঙ্গলবার (২৮এপ্রিল) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৩তম দিনে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সাংবাদিকদের জীবনমান উন্নয়নের জন্য ওয়েজ বোর্ড হওয়া দরকার। এখনও নবম ওয়েজ বোর্ড চলছে কিন্তু মালিকদের কারণে সেটা বাস্তবায়িত হয়নি। সাংবাদিকরা ভালো থাকলে আমরা ভালো থাকব। সরকারি গেজেটও হয়েছে কিন্তু এটা শিল্পের মর্যাদা পায়নি।
নাটোর-২ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য আরও বলেন, সাংবাদিকরা বাঁচলে বাংলাদেশের রাজনীতি বাঁচবে। তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা না গেলে দেশের গণতান্ত্রিক রাজনীতি টিকে থাকা কঠিন হয়ে পড়বে।
হুইপ বলেন, বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের মধ্যে সহযোগিতা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক দ্বন্দ্ব কমিয়ে একটি সহনশীল ও গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে উঠবে।
তিনি বলেন, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আরও শক্তিশালী হবে।
চাটগাঁ নিউজ/জেএইচ





