চাটগাঁ নিউজ ডেস্ক : ফটিকছড়ির কাঞ্চননগরে কিশোর রিহান উদ্দিন মাহিন হত্যা মামলার ৫ নম্বর আসামি মো. মহিউদ্দিন আত্মসমর্পণ করতে গেলে আদালত তার আবেদন নামঞ্জুর করে হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক সাইমা আফরিন হিমা এ আদেশ দেন।
দীর্ঘদিন পলাতক থাকার পর মহিউদ্দিন আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তার জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী কফিল উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে আসামি মহিউদ্দিন আত্মগোপনে ছিল। আজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার আবেদন নামঞ্জুর করে হাজতে পাঠানোর নির্দেশ দেন।
গত ২২ আগস্ট রাতে নিহত মাহিনের মা খাদিজা বেগম বাদী হয়ে ফটিকছড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রতিবেশী মাস্টার নাজিম উদ্দিনকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া মো. নোমান, মো. আজাদ হোসেন, মো. তৈয়ব ও মহিউদ্দিনসহ পাঁচজনের নাম উল্লেখ এবং আরও ৫-১০ জনকে অজ্ঞাত পরিচয়ের আসামি করা হয়।
পুলিশ জানায়, এ পর্যন্ত ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলার প্রধান আসামি মাস্টার নাজিম উদ্দিনসহ ও তৈয়ব পলাতক রয়েছে।
গত ২২ আগস্ট ফটিকছড়ির কাঞ্চননগরে মব সৃষ্টি করে স্থানীয় লোকজনকে উত্তেজিত করে কিশোর মাহিনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রাহাত ও মানিক নামে আরও দু’জন গুরুতর আহত হয়।
চাটগাঁ নিউজ/এসএ





