চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ায় এক ব্যবসায়ী হত্যার ঘটনায় মুখোশধারী সেই দুর্বৃত্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে মুহাম্মদ শাহাদাত (৩০) নামের এক ব্যবসায়ীকে মুখোশ পড়ে এসে হত্যা করে দুর্বত্তরা। হত্যার ঘটনায় সোমবার (২৭ এপ্রিল) মামলা হলে পুলিশ ২ জনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জনার কেঁওচিয়া মাদারবাড়ি (ফররুখ চেয়ারম্যান বাড়ি) এলাকার সৈয়দ আহম্মদের ছেলে সাইফুল ইসলাম (৩১) ও লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জঙ্গল পদুয়া হোসেন সিকদার পাড়া এলাকার মাওলানা ফয়েজ আহাম্মদের ছেলে ইসমাইল (২৭)।
জানা গেছে, মুহাম্মদ শাহাদাত নিহতের ঘটনায় মা ছায়েরা খাতুন বাদী হয়ে সাতকানিয়া থানায় হত্যা মামলা করেছেন। মামলায় ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে ‘পিচ্চি কামাল’ নামে একজন ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার হন। পরে তিনি জামিনে মুক্তি পান।
ওই ঘটনায় শাহাদাত তাকে ধরিয়ে দিয়েছেন—এমন সন্দেহে আসামিরা তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল। গত ২৬ এপ্রিল রাতে সাতকানিয়া রাস্তার মাথা মডেল মসজিদ এলাকায় নিজের চা দোকানের সামনে বসে ছিলেন শাহাদাত। এ সময় দুর্বৃত্তরা তার ওপর অতর্কিতভাবে হামলা করে।
স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আইসিইউ খালি না থাকায় পরে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, মামলার আসামি সাইফুল ইসলামকে কেঁওচিয়া ইউনিয়নের সত্যপীরের দরগাহ এলাকা থেকে এবং ইসমাইলকে চট্টগ্রাম নগরী থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
চাটগাঁ নিউজ/জেএইচ






