লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, মহেশখালী-কক্সবাজার নৌ চলাচল বন্ধ

মহেশখালী প্রতিনিধি: বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে কক্সবাজার ও মহেশখালী এলাকায় বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এর সঙ্গে আকাশে মেঘের গর্জন এবং কোথাও কোথাও বজ্রপাতের ঘটনাও ঘটছে।

বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে মহেশখালী-কক্সবাজার নৌপথে ঘামবোট ও স্পিডবোট চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। তবে সি-ট্রাক সার্ভিস স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে নৌ চলাচল ব্যাহত হয় এবং পরে তা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।

কক্সবাজার জেলা আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, সুষ্পষ্ট লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় বিভিন্ন এলাকায় বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে এবং মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান মাহমুদ ডালিম জানান, সাগর উত্তাল থাকায় বিকেল ৪টার পর থেকে সব ধরনের নৌ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ নির্দেশ বহাল থাকবে।

এদিকে সাগর উত্তাল থাকায় মাছ ধরার সব ট্রলারকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। এর ফলে মহেশখালীর সঙ্গে কক্সবাজারের নৌ যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর থেকে হঠাৎ আকাশ মেঘলা হয়ে পড়ে। এরপর বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। নদীতে স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৪ ফুট বেশি উচ্চতায় জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে, ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

চাটগাঁ নিউজ/সজিব/এমকেএন

Scroll to Top