কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: অতিবৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ায় রাঙামাটির কাপ্তাই উপজেলায় গাছ পড়ে চারটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত চারটি পরিবারের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন।
তিনি জানান, দুপুর সাড়ে ১২টার পর হঠাৎ করে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হলে দমকা হাওয়ায় গাছ উপড়ে পড়ে। এতে ১নং ওয়ার্ডের কর্ণফুলী কলেজ এলাকায় বেলাল হোসেন ও মো. রাজনের বসতবাড়ি এবং ২নং ওয়ার্ডের রেশমবাগান তালুকদার পাড়া সংলগ্ন কাটা পাহাড় এলাকায় গৌরাঙ্গ দাশ ও রতন দাশের বাড়ি ভেঙে যায়।
খবর পেয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার আশ্বাস দেন।
এ বিষয়ে কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দপ্তরের লোকজন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সরেজমিনে পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে তা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে পাঠানো হবে।
চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন






