চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং স্টেশন এলাকায় সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান (৩৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি একটি ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মিজানুর রহমান চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসিন্দা এবং পপুলার ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজারমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পূরবী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল চালক মিজানুর। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন জানান, সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে





