নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীতে ছাত্রদল নেতা পরিচয় দিয়ে সিপ্লাস টিভির এক সংবাদকর্মীর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই সংবাদকর্মীর নাম মো. বাবু (হাসান চৌধুরী)।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে বাকলিয়া এক্সেস রোড এলাকার দিলওয়ারা জাহান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বাকলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী বাবু দিলওয়ারা জাহান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থী। তিনি উক্ত দিনে কলেজে মডেল টেস্ট পরীক্ষা দিতে যান। পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে কলেজের সামনে আড্ডারত অবস্থায় এক ব্যক্তি এসে তাকে ‘বড় ভাই ডাকছে’ বলে জোরপূর্বক নিয়ে যায়। পরে সেখানে নিয়ে তাকে একটি চেয়ারে বসিয়ে বিভিন্ন বাজে ইঙ্গিত করে জিজ্ঞাসাবাদ করে।
অভিযোগ অনুযায়ী, মিসকাত নামের এক ব্যক্তি নিজেকে কলেজ ছাত্রদলের সহ সভাপতি পরিচয় দিয়ে বলে কলেজের সামনে মেয়েদের সঙ্গে কথা বলা যাবে না। বাবু বিষয়টির ব্যাখা জানতে চাইলে উত্তেজনার সৃষ্টি হয়। বাবুকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়।
এরপর সাজু নামের আরেক ব্যক্তি তাকে হুমকি দিয়ে মোটরসাইকেল আনতে বলে। তিনি সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে মাঝপথে আবার আটকিয়ে মারধর করা হয়। সেই সাথে পকেটে থাকা টাকা, মোবাইল ও বাইকের চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাবু বাধা প্রদান করলে তাকে এলোপাতারি ঘুষি, লাথি ও থাপ্পড় মারতে থাকে। পরে এলাকাবাসী ও পুলিশ এগিয়ে আসলে অভিযুক্তরা তৎক্ষনাৎ পালিয়ে যায়।
এ বিষয়ে ভুক্তভোগী বাবু চাটগাঁ নিউজকে বলেন, বিনা কারনে তারা সামান্য একটা অযুহাত দাঁড় করিয়ে আমার ওপর হামলা করা হয়েছে। তারা আমার পূর্ব পরিচিত না, তাদের সাথে পূর্ব কোনো শত্রুতাও ছিল না। তবে আমি শুনেছি তারা উক্ত এলাকার কিশোর গ্যাংয়ের হোতা। তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে এভাবে গায়ে পড়ে ঝামেলা সৃষ্টি করে বলে জানতে পেরেছি। আমার ধারণা, তারা আমার বাইক ছিনতাই করার চেষ্টা করেছিল।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, ছাত্রদল নেতা পরিচয় দেয়া সাজু নামের ওই ব্যক্তি একসময় ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। তার ফেসবুক আইডিতে এখনও ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রম দৃশ্যমান। ৫ আগস্ট পরবর্তী ছাত্রদল নেতা সেজে চাঁদাবাজি, ছিনতাই, মাদক কারবারি, ইভটিজিং ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িত হয়ে পড়ে।
এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, আমরা বিষয়টি নিয়ে অবগত আছি। দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।
চাটগাঁ নিউজ/জেএইচ





