চট্টগ্রামে সড়কের ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে পথসভা অনুষ্ঠিত

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর সিআরবি সাত রাস্তার মোড়ে সড়কের ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৪টায় বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে এবং পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিকের সভাপতিত্বে এ পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চিত্রশিল্পী রনী ইসলাম, পরিবেশকর্মী আনোয়ার জাহান রোজি, মোহাম্মদ জানে আলম, মোহাম্মদ সিয়াম আহমেদ, নারী নেত্রী শামীম আরা, সুলতানা রাজিয়া ও মমতা বেগমসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা।

বক্তারা বলেন, দেশের বিভিন্ন উপজেলার গ্রামাঞ্চলে সড়কের দুই পাশের জমির মালিকরা নিজেদের দাবি করে নির্বিচারে রাস্তার ধারের বৃক্ষ নিধন করছেন। অথচ বিশ্বের কোনো সভ্য দেশে এভাবে রাস্তার ধারের গাছ ধ্বংস করা হয় না।

তারা আরও বলেন, এসব বৃক্ষ সড়কের মাটি দৃঢ়ভাবে ধরে রাখে, দুর্ঘটনা প্রতিরোধে সহায়তা করে, পাখির আবাসস্থল তৈরি করে, শব্দ ও তাপদূষণ কমায় এবং পরিবেশে অক্সিজেন সরবরাহ করে। মানুষ ও প্রাণিজগতের অস্তিত্বের জন্য অপরিহার্য এই বৃক্ষগুলো নির্বিচারে কেটে ফেলা অত্যন্ত উদ্বেগজনক।

বক্তারা অভিযোগ করেন, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের নীরব ভূমিকার কারণেই এই বৃক্ষ নিধন অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশ, বন বিভাগ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

সংবিধানের ১৮(ক) অনুচ্ছেদের উল্লেখ করে বক্তারা বলেন, রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করবে এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণির সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করবে।

পথসভার শেষে বক্তারা দেশের সর্বস্তরের জনগণকে এই আন্দোলনে যুক্ত হয়ে রাস্তার ধারের বৃক্ষ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top