কক্সবাজার এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, ৪ দাঁত হারালেন যাত্রী

চাটগাঁ নিউজ ডেস্ক : কক্সবাজার রুটে যাত্রীবাহী ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা কোনোভাবেই থামছে না। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে কক্সবাজার থেকে ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে মোহাম্মদ হিমেল আহমেদ (২৫) নামে এক যাত্রীর চারটি দাঁত ভেঙে গেছে। আহত অন্য যাত্রী মোহাম্মদ আবু সাঈদ (৪০) ঘাড়ে আঘাত পেয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার স্টেশন ছেড়ে আসে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন।

আহত দুই যাত্রী নন-এসি কোচের (ঢ বগি) ৩৫-৩৬ নম্বর আসনে বসা ছিলেন। চকরিয়া এলাকা অতিক্রম করার সময় বাইরে থেকে একটি পাথর ছুড়ে মারা হয়। এতে তাঁরা আহত হন। পরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে তাঁদের চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে বিকেল সোয়া চারটার দিকে ট্রেনটি আবার ঢাকার উদ্দেশে যাত্রা করে।

আক্রান্ত বগির সহযাত্রী সাইদুল ইসলাম অভিযোগ করেন, ঘটনার পর ট্রেনের গার্ড ও অ্যাটেনডেন্টের পক্ষ থেকে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি। এমনকি বিষয়টি স্থানীয় পুলিশকে জানানো হলে তারা উল্টো জানালা খোলা রাখা নিয়ে যাত্রীদেরই প্রশ্ন করেন, যা উপস্থিত যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আনিসুর রহমান জানিয়েছেন, পাথর নিক্ষেপ ঠেকাতে বিশেষ করে চকরিয়া ও হারবাং এলাকায় নজরদারি বাড়াতে রেলওয়ে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে রেলওয়ের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top