মিরসরাইয়ে মৃত্যুর ২৩ দিন‌ পর কবর থেকে লাশ উত্তোলন

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে মৃত্যুর ২৩ দিন পর এয়ার আহমদ (৪৫) নামের এক ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। তিনি উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম জোয়ার গ্রামের বাসিন্দা।

জানা যায়, গত ৪ এপ্রিল রাতে এয়ার আহমদ ফেনী জেলার লেমুয়া ইউনিয়নের নেয়াজপুরে তার শ্বশুরবাড়িতে যান। শ্বশুরবাড়িতে যাওয়ার আগে একই গ্রামের কয়েকজন ব্যক্তি তাকে গুরুতর অসুস্থ অবস্থায় সেখানে পৌঁছে দেয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে তার মরদেহ গ্রামের বাড়িতে এনে পরদিন ভোরে দাফন করা হয়।

নিহতের স্ত্রী বিবি খতিজা অভিযোগ করে বলেন, ঘটনার দিন দুপুরেও আমার স্বামীর সঙ্গে কথা হয়েছিল। তিনি রাতে আমার বাবার বাড়িতে আসার কথা বলেন। কিন্তু রাত সাড়ে ১১টার দিকে আমার চাচা মুন্সী, চাচাতো ভাই বাবলু ও মামুনসহ কয়েকজন লাঠিসোটা নিয়ে আমার স্বামীকে বাড়িতে এনে ফেলে যায়। আমি জিজ্ঞেস করলে তারা বলে—তোর স্বামী আমাদের মারধর করেছে, তাই আমরাও মেরেছি। তারা আমাকে ভয়ভীতি দেখিয়ে চুপ থাকতে বলে। পরে স্থানীয়দের পরামর্শে আমি ফেনী আদালতে মামলা দায়ের করি।

তিনি আরও বলেন, আমি আমার স্বামীর হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টার দিকে আদালতের নির্দেশে মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের, ফেনী মডেল থানা পুলিশ এবং স্থানীয় লোকজনের উপস্থিতিতে কাটাগাং কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পুনরায় মরদেহ দাফন করা হবে।

চাটগাঁ নিউজ/বাবলু/এমকেএন

Scroll to Top