সাতকানিয়ায় মুখোশধারী দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ীর মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: সাতকানিয়া উপজেলার রাস্তার মাথা এলাকায় মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় মুহাম্মদ শাহাদাত (৩০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

রবিবার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রাস্তার মাথা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সোমবার ভোরে তিনি মারা যান।

নিহত মুহাম্মদ শাহাদাত সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার মৃত শফি আহমদের ছেলে। তিনি রাস্তার মাথা এলাকায় একটি চায়ের দোকান পরিচালনা করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে নিজ দোকানে অবস্থানকালে কয়েকজন মুখোশধারী ব্যক্তি হঠাৎ তার ওপর হামলা চালায়। তারা তাকে এলোপাতাড়ি মারধর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে আশপাশের লোকজন গুরুতর আহত শাহাদাতকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরীর ন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক জানান, রাত ১১টার দিকে মুখোশধারী কয়েকজনের হামলায় শাহাদাত গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে মারা যান। হামলাকারীদের শনাক্তে পুলিশ কাজ করছে। হামলার পেছনের কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top