চাটগাঁ নিউজ ডেস্ক: মানহানির মামলায় আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের মুফতি আমির হামজা। সোমবার (২৭ এপ্রিল) হাইকোর্টে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাকে আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।
বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আমির হামজার পক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী ব্যারিস্টার শিশির মনির জানান, আদালত তাকে আট সপ্তাহ অথবা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগাম জামিন দিয়ে রুল জারি করেছেন। এ সময়ের মধ্যে সুবিধাজনক সময়ে তিনি সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করবেন।
মামলার সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য দেন। পরবর্তীতে ওই বক্তব্যের প্রসঙ্গ টেনে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের আগে আলোচনা করেন আমির হামজা।
ওই আলোচনায় তার কিছু মন্তব্যকে কেন্দ্র করে মানহানির অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ২ এপ্রিল সিরাজগঞ্জে জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির মামলা দায়ের করেন।
মামলার পরিপ্রেক্ষিতে আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়। তবে নির্ধারিত তারিখে তিনি উপস্থিত না হওয়ায় সংশ্লিষ্ট বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পরবর্তীতে সেই গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করলে আদালত তাকে সাময়িক স্বস্তি দেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





