চাটগাঁ নিউজ ডেস্ক: গাইবান্ধার সুন্দরগঞ্জে বজ্রপাতে এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি গরুও মারা গেছে। এছাড়াও আহত হয়েছেন একজন।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ (১৪), আল মোজাহিদ চৌধুরী ছোটন মিয়ার ছেলে রাফি (১২) এবং নবীর হোসেনের ছেলে মিজানুর (২০)। এ ঘটনায় আহত শামীম (১৮) একই গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে। রাফি স্থানীয় একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে আকাশ কালো মেঘে ঢেকে যায়।
এ সময় ওই দুই তরুণ ও শিক্ষার্থী বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়েছিলেন। হঠাৎ তাদের ওপর সরাসরি বজ্রপাত হলে ঘটনাস্থলে তারা তিনজনই মারা যান। একই সময়ে পাশে থাকা একটি গরুও মারা যায়।
এছাড়া আহত শামীমকে স্বজনরা উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
অন্যদিকে পৃথক অপর একটি ঘটনায় ফুলছড়ি উপজেলার ফজলপুর ইউনিয়নের বুলবুলির চরে আলী আকবর নামে এক কৃষক গরু চরাতে গিয়ে আহত হয়েছেন বলে জানা গেছে।
ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোকলেছুর রহমান মণ্ডল বলেন, আজ বিকেলে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই মৃত্যুর ঘটনা ঘটে। এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ স্থানীয়দের বরাতে বলেন, বজ্রপাতে তিনজনসহ একটি গরুও মারা গেছে। একই ঘটনায় একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
চাটগাঁ নিউজ/এমকেএন






