আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, শিক্ষার্থীরা যেন মেধাবী হিসেবে গড়ে ওঠে এবং ভবিষ্যতে দেশ ও পরিবারের জন্য সহায়ক ভূমিকা রাখতে পারে—এই লক্ষ্যেই প্রশাসন কাজ করছে।
রবিবার (২৬ এপ্রিল) সকালে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার আনোয়ারা উপজেলার আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার পরীক্ষাপদ্ধতিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষার্থীরা যেন যথাযথ প্রস্তুতি নিয়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়, সে বিষয়েও সর্বাত্মক উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, কেন্দ্র পরিদর্শনের সময় পরীক্ষার্থীদের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছে, তাদের প্রস্তুতি অনুযায়ী প্রশ্নপত্র ভালো হয়েছে এবং তারা সন্তুষ্ট।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দীন, আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিন উদ্দিনসহ পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন





