সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এ ঘটনায় দুই উপ-পরিদর্শক (এসআই)সহ অন্তত সাতজন আহত হয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে সারিকাইত ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে মাদকসহ দিদার নামে এক ব্যক্তিকে আটকের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে গিয়ে তারা স্থানীয় বিএনপির দুই পক্ষকে সংঘর্ষে লিপ্ত অবস্থায় দেখতে পায়।
সংঘর্ষে মান্না নামে এক ব্যক্তি গুরুতর আহত হলে স্থানীয় মাদকচক্র ও তাদের অনুসারীরা এর দায় পুলিশের ওপর চাপিয়ে সংঘবদ্ধভাবে হামলা চালায়। একপর্যায়ে ৫০ থেকে ৬০ জনের একটি দল পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে ফেলে এবং তাদের ওপর আক্রমণ করে।
এতে এসআই আপেল ও এসআই নূর মোহাম্মদসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় ১১ জনকে আসামি করে এবং অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন—মোহাম্মদ শান্ত (২২), এমরান হোসেন নিলয় (২০), সাহেদ (২৮), দিদারুল আলম (২৬), মিনহাজ (১৯) ও মোহাম্মদ শাওন (১৯)।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানান, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
চাটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন






