চট্টগ্রামে পাঁচজনসহ হাম উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: দেশে হাম উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে চট্টগ্রাম বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুগুলো হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে ৫ শিশু, ঢাকা বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ২ জন এবং রাজশাহী বিভাগে ১ শিশুর মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম উপসর্গে মোট ২০৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ৪২ শিশু।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫৮ শিশুর শরীরে হাম উপসর্গ দেখা দিয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৬০৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এই সময়ে ২০ হাজার ৪৭৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১৭ হাজার ৮১ শিশু চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

এছাড়া একই সময়ের মধ্যে ৪ হাজার ৪৬০ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ সবাইকে সতর্ক থাকার পাশাপাশি দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top