বাঁশখালীতে ধর্ষণ মামলার মূল আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী থানায় দায়ের হওয়া এক ধর্ষণ মামলার প্রধান আসামি আরিফ উল্লাহ (২৫) কে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের কোতোয়ালী থানার শাহ আমানত সুপার মার্কেট এলাকার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল রাতে বাঁশখালীর পূর্ব চাম্বল সাতঘর পাড়া এলাকায় একটি দোকানঘরে এক কিশোরী ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে ১৪ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকেই মামলার প্রধান আসামি আরিফ উল্লাহ আত্মগোপনে ছিলেন। পরে র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top