বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পৌরসভার লক্ষ্মী স্কয়ার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে অনলাইন বেটিং অ্যাপে জুয়া খেলার সময় দুই যুবককে আটক করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১০টার দিকে তাদের আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
আটককৃতরা হলেন—মিয়ার বাজার এলাকার বাসিন্দা সাকলায়েন মুশতাক (২০) এবং দক্ষিণ জলদী এলাকার আশকারিয়া পাড়ার বাসিন্দা মো. শাকিল (২৪), যিনি নিজেকে ছাত্র সমন্বয়ক হিসেবে পরিচয় দিতেন।
অভিযান সূত্রে জানা যায়, সাকলায়েন মুশতাককে ধরিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শাকিল। তবে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা দাবি করেন, শাকিল নিজেও দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। এ অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে তার ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করা হলে একাধিক বেটিং অ্যাপের উপস্থিতি পাওয়া যায়।
পরবর্তীতে উভয়ের মোবাইল ফোন যাচাই করে দেখা যায়, তারা বেটিং অ্যাপের মাধ্যমে অর্ধলক্ষাধিক টাকা পর্যন্ত লেনদেন করেছেন। ভিডিও বার্তায় তারা দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন।
তদন্তে আরও জানা যায়, একটি বেটিং লেনদেনকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এতে সাকলায়েন শাকিলের কাছে ৮ হাজার টাকা হারান এবং তা পরিশোধ করেন। তবে শাকিল অতিরিক্ত ১২ হাজার টাকা দাবি করলে তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এর জের ধরে শাকিল সাকলায়েনকে লক্ষ্মী স্কয়ার এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন।
পরে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে শাকিলের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়।
বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত এ মোবাইল কোর্ট অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। অভিযানে সহায়তা করেন বাঁশখালী থানার এএসআই আমিনুল ইসলাম।
উপজেলা প্রশাসন জানায়, অনলাইন জুয়ার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে লক্ষ্মী স্কয়ার এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনলাইন ও অফলাইন—সব ধরনের জুয়ার বিরুদ্ধে বাঁশখালীতে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে এবং তা অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/জসিম/এমকেএন





