চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাসের ইন্দ্রপুল গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- নোয়াখালীর সাগর (২০), আবদুল হক (৩২), দীপু (২৫), অনিক (১৭), আরমান (১৮), নজরুল ইসলাম (১৮), সুমন (১৬), রিপন (২৮), তানভীর (১৭), রাসেল (২৭), রুহি (১০), ওহি (১৪), রুবেল (৪৭), সালাউদ্দিন (২৫), নিশাদ (১৯), রিয়াদ (২১), মামুন (১৩), শহীদুল ইসলাম (৩৬), মোস্তাফিজ (২২), আবদুল মোতালেব (২৭) ও সাইফ (২০)।
জানা গেছে, নোয়াখালী থেকে ছেড়ে আসা হিমাচল পরিবহন নামের পর্যটকবাহী বাস কক্সবাজার যাওয়ার সময় কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আসা এভারগ্রিন পরিবহন নামের আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
হাইওয়ে পুলিশের সদস্যরা বাসের যাত্রীদের উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত ডা. তৃষ্ণা সরকার জানান, দুর্ঘটনায় আহত ২১ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মো. সুমন (১৬) ও কুমিল্লার সালাউদ্দিন (২৫) নামের দুজনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নোয়াখালী থেকে আসা বাসটির চালক এ সড়কে নতুন ছিলেন। গোলচত্বরের দিকনির্দেশনা বুঝতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনাকবলিত বাস দুটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে





