তরুণীকে ধর্ষণের অভিযোগে ৪ জন গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরীর ইপিজেড থানার ব্যারিষ্টার কলেজ এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ এপ্রিল) ভুক্তভোগী তরুণী ইপিজেড থানায় হাজির হয়ে অভিযোগ দায়েরের পর বিষয়টি সামনে আনে। অভিযোগ পেয়েই পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করেছে।

ইপিজেড থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান, ভুক্তভোগী ওই চাকমা তরুণী সিইপিজেডের একটি গার্মেন্টসে চাকরির সুুবাদে ব্যারিস্টার কলেজ এলাকার একটি ভাড়া বাসায় অন্য নারী শ্রমিকদের সাথে বসবাস করতেন। গত ১০ এপ্রিল ওই তরুণীর বন্ধু অংশুইচিং মারমা চিকিৎসার জন্য ফেনী থেকে চট্টগ্রামে এসে তার বাসায় ওঠেন। এ বিষয়ে একই বাসায় বসবাসকারী ওকরাইজা মারমা এলাকার পরিচিত ওথাইইনু মারমাকে জানালে অপর দুই সহযোগীকে নিয়ে সে বিষয়টি খোঁজখবর নিতে থাকে।

একপর্যায়ে থুয়াইচিং মারমা পূর্বপরিচিত ওকরাইজা মারমার সহায়তায় ১৯ এপ্রিল রাত পৌনে ১২টার দিকে ভুক্তভোগী তরুণীকে ব্যারিস্টার কলেজ রোডের একটি বিল্ডিংয়ের পঞ্জম তলায় আপ্রুমং মারমার ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে আপ্রুমং মারমা, থুয়াইচিং মারমা ও ওথাইইনু মারমা ওই তরুণীকে বিভিন্ন আপত্তিকর কথা বলে। তারা ওই তরুণীর ছেলে বন্ধু অংশুইচিং মারমার সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে তাদের নিজেদের সাথে অনৈতিক সম্পর্কে জড়াতে চাপ দিতে থাকে। একপর্যায়ে আপ্রুমং, থুয়াইচিং ও ওথাইইনু মারমা ওই তরুণীকে জোরপূর্বক পালাক্রম ধর্ষণ করে এবং আত্মগোপনে চলে যায়।

পুলিশ জানায়, এই ঘটনায় শুক্রবার সকালে ভুক্তভোগী তরুণী ইপিজেড থানার লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাজহারুল ইসলাম এবং অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ব্যারিস্টার কলেজ এলাকার বিভিন্ন ভাড়া বাসা থেকে ঘটনায় অভিযুক্ত আপ্রুমং, থুয়াইচিং, ওথাইইনু ও ওকরাইজা মারমাকে গ্রেপ্তার করে। পরে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top