চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর বিরুদ্ধে নিয়োগ, উন্নয়ন প্রকল্পে ঠিকাদার নিয়োগ এবং বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব নথি সাত কর্মদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে গত ১৬ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে চিঠি দেন অনুসন্ধানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো. রাজু আহমেদ। বর্তমান মেয়রকে চিঠি দেওয়ার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
অন্যদিকে, চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করে মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, বিষয়টি যথাযথভাবে পর্যালোচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা এবং আইন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
দুদকের চিঠিতে রেজাউলের মেয়াদকালে বিভিন্ন পদে নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি, আবেদনপত্র, নিয়োগ পরীক্ষার রেকর্ড ও নিয়োগপত্রসহ সব নথি চাওয়া হয়েছে।
অভিযোগ রয়েছে, তাঁর মেয়াদের শেষ দুই বছরে অন্তত ১৮৮ জনকে নিয়োগ দেওয়া হয় এবং তাদের মধ্যে অনেককে নিয়মবহির্ভূতভাবে নিম্ন পদ থেকে উচ্চ পদে পদোন্নতি দেওয়া হয়। এমনকি শ্রমিক পদ থেকে সরাসরি উচ্চ গ্রেডের পদে পদায়নের অভিযোগও রয়েছে। এছাড়া ২০২২ সালের অক্টোবরে অনুমোদিত ২৫টি উন্নয়ন প্রকল্পে ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া, দরপত্রের ধরন, প্রাক্কলন, চুক্তিমূল্য, ঠিকাদারদের তথ্য এবং কাজের বর্তমান অগ্রগতির বিস্তারিত নথিও চেয়েছে দুদক। এসব প্রকল্পে অনিয়ম ও পক্ষপাতের অভিযোগ রয়েছে।
অন্যদিকে, নগরের চারটি ওয়ার্ডে ডোর-টু-ডোর বর্জ্য সংগ্রহের জন্য তিনটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তির বিজ্ঞপ্তি, নিয়োগ কমিটির তালিকা, মূল্যায়ন প্রতিবেদন ও চুক্তিপত্র জমা দিতে বলা হয়েছে। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তৎকালীন মেয়র ও প্রভাবশালীদের ঘনিষ্ঠজনদের মালিকানাধীন।
দুদকের সহকারী পরিচালক মো. রাজু আহমেদ জানান, সাবেক মেয়রের বিরুদ্ধে একাধিক অভিযোগের প্রেক্ষিতে প্রধান কার্যালয়ের অনুমোদন নিয়ে আনুষ্ঠানিকভাবে অনুসন্ধান শুরু করা হয়েছে। ইতোমধ্যে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র চেয়ে বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেনকে চিঠি দেওয়া হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে এসব নথি জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে মেয়র নির্বাচিত হয়ে প্রায় সাড়ে তিন বছর দায়িত্ব পালন করেন মো. রেজাউল করিম চৌধুরী। ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁকে মেয়র পদ থেকে অপসারণ করা হয়। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
চাটগাঁ নিউজ/এসএ





