মাতামুহুরী নদী থেকে বালু উত্তোলন, একজনকে ২০ দিনের কারাদণ্ড

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. শাহাদাত হোসেন নামের এক ব্যক্তিকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার টিটিএন্ডডিসি এলাকার মাতামুহুরী নদীর পাড়ে অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত মো. শাহাদাত হোসেন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়ার শাহাজান মোল্লার ছেলে।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আদালত পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে মাতামুহুরী নদীর পাড়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শাহাদাত হোসেনের বাকবিতণ্ডা হয়। পরে তাকে আটক করে উপজেলা প্রশাসন কার্যালয়ে নেওয়া হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনকে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/ইলিয়াছ/এমকেএন

Scroll to Top