চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে মো. আবুল কাশেম ওরফে ‘নলা কাসেম’ নামের এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে পরিচালিত এ অভিযানে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে মিলে প্রভাব বিস্তার করে আসছিল কাসেম। খুন, ডাকাতি, জবরদখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব ঘটনায় ইতোমধ্যে তার নামে ১৫টি মামলা রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তারের লক্ষ্যে গোপনে নজরদারি চালিয়ে আসছিল। সর্বশেষ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, আবুল কাশেম ওরফে নলা কাসেম একজন চিহ্নিত সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে একাধিক গুরুতর মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তাকে খোঁজা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






