চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আবাসিক এলাকার জাপানি গেটসংলগ্ন স্থানে চুরির চেষ্টার অভিযোগে মোহাম্মদ আজিজুর রহমান নামে এক যুবক গ্রেপ্তার হয়েছেন। তিনি বিমানবন্দরসংলগ্ন নিজাম মার্কেট এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জব্দ করা পণ্যসহ তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। পরে তাকে চুরির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, বুধবার দিনগত রাত আনুমানিক সাড়ে ১২টায় বিমানবন্দরের আর্মি, বিজিবি ও নেভি হ্যাঙ্গারসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। রাতে টহল দেওয়ার সময় আনসার সদস্য সাদাম হোসেন ও এপিসি জাহাঙ্গীর হোসেন দুই সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করেন। তারা চোরদের ধাওয়া করলে দু’জনই ঘন জঙ্গলের মধ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থলে ফেলে যাওয়া বিভিন্ন ধরনের তার ও চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ঘটনার পর আনসার সদস্য সাদাম হোসেন আনসার ক্যাম্প ও বিমানবন্দরের নিরাপত্তা শাখাকে বিষয়টি জানান। খবর পেয়ে নিরাপত্তা কর্মকর্তা বাদশা ফয়সাল নিরাপত্তা শাখার সাতজন সদস্য, বাংলাদেশ বিমানবাহিনীর কুইক রিঅ্যাকশন ফোর্সের (টাস্কফোর্স) পাঁচ জন সদস্য এবং আনসার বাহিনীর ১৫ জন সদস্যকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে ঘন জঙ্গলে তল্লাশি চালিয়ে এক চোরকে গ্রেপ্তার করেন। পতেঙ্গা থানায় তার বিরুদ্ধে চুরির মামলা করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ






