চাটগাঁ নিউজ ডেস্ক: দেশে হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ১৭০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। আর চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৩৪ জনে।
এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১২৫ জন। একই সময়সীমায় মোট নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৯ জনে।
হাসপাতালে ভর্তির তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১৮ হাজার ৮৪৫ জন সন্দেহজনক রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৭২৮ জন।
মৃত্যুর হিসাবেও উদ্বেগজনক চিত্র দেখা গেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে। অন্যদিকে, একই সময়ে উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৪ জনে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা এবং সচেতনতা বৃদ্ধি ছাড়া এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে।
চাটগাঁ নিউজ/এমকেএন





