ফটিকছড়ির খিরাম সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

আনোয়ার হোসেন, ফটিকছড়ি : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নের প্রধান সড়কের বেহাল দশা দীর্ঘদিন ধরে স্থানীয়দের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টিতেই পুরো সড়ক কর্দমাক্ত হয়ে চলাচল প্রায় অনুপযোগী হয়ে পড়ে।

বিশেষ করে খিরাম ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন। এসব এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা—খিরাম আর্মি ক্যাম্প, ফরেস্ট অফিস, খিরাম উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় যাতায়াতে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছেন শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষ।

স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুম এলেই সড়কের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। স্কুলগামী শিশু-কিশোরদের কাদা মাড়িয়ে যেতে হয়; অনেক সময় পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটে। অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়াও হয়ে পড়ে অত্যন্ত কষ্টসাধ্য।

খিরাম এলাকার প্রবাসী মোহাম্মদ ইসমাইল হোসাইন ক্ষোভ প্রকাশ করে বলেন, খিরাম বাজার থেকে শুরু করে ১ থেকে ৩ নম্বর ওয়ার্ড পর্যন্ত সড়কটির অবস্থা দীর্ঘদিন ধরে খুবই খারাপ। সরকার আসে, সরকার যায়—কিন্তু এই সড়কের কোনো পরিবর্তন হয় না। দেখার যেন কেউ নেই।

স্থানীয় বাসিন্দারা জানান, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান পাওয়া যায়নি। ফলে প্রতিদিনই দুর্ভোগ নিয়ে চলাচল করতে হচ্ছে হাজারো মানুষকে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী জানান, সড়কটি ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে এবং একনেকের অনুমোদন পেলেই উন্নয়ন কাজ শুরু হবে। নানুপুর বাজার থেকে খিরাম বর্মাছড়ি পর্যন্ত প্রায় ১৮ ফুট প্রশস্ত করে সড়কটি উন্নয়ন করা হবে। খিরাম চৌহমনীর পর যেখানে কার্পেটিং শেষ হয়েছে, সেখান থেকেই নতুন করে কাজ শুরু হবে। বর্তমানে প্রকল্পটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে অনুমোদন সম্পন্ন করে সড়কটির উন্নয়ন কাজ শুরু করা হোক। তাদের মতে, এই সড়কটি সংস্কার হলে শুধু যাতায়াত ব্যবস্থাই সহজ হবে না বরং শিক্ষা, স্বাস্থ্যসেবা ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে।

চাটগাঁ নিউজ/এমকেএন/এসএ

Scroll to Top