চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে একটি পিস্তল ও ম্যাগাজিনসহ মোহাম্মদ হামিদ (৩৯) নামে এক সিএনজি অটোরিকশা চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল গ্রামের বাসিন্দা এবং আবদুল জব্বারের ছেলে।
বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হোয়াইক্যং এলাকায় স্থাপিত একটি অস্থায়ী চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, হ্নীলা থেকে কক্সবাজারমুখী একটি সিএনজি অটোরিকশা চেকপোস্টে পৌঁছালে সেটিকে থামার সংকেত দেওয়া হয়। তবে চালক সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা কৌশলে গাড়িটি থামাতে সক্ষম হন। পরে তল্লাশি চালিয়ে চালকের আসনের ভেতর থেকে একটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয় এবং হামিদকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামিদ স্বীকার করেছেন, তিনি এক রোহিঙ্গা ব্যক্তির কাছ থেকে অস্ত্রটি সংগ্রহ করে উখিয়ার পালংখালী এলাকায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পরবর্তী কার্যক্রমের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





