চাটগাঁ নিউজ ডেস্ক: বান্দরবানের টংকাবতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতিরডেরা এলাকায় রাবার বাগান থেকে ৬ জন শ্রমিককে অপহরণের ঘটনা ঘটেছে।
বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাতিরডেরা এলাকার একটি রাবার বাগানে কর্মরত শ্রমিকদের ওপর হঠাৎ সশস্ত্র একদল সন্ত্রাসী হামলা চালায়। এসময় তারা বাগান মালিক মো. ইসমাইলসহ মোট ৬ জন শ্রমিককে জোরপূর্বক তুলে নিয়ে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন।
অপহৃতদের মধ্যে রয়েছেন— মো. ইসমাইল, মো. আরাফাত, মো. শফিক, মো. নুরুল আফসার, মো. কলিমুল্লা এবং মো. রমিত। প্রাথমিকভাবে জানা গেছে, তারা সবাই বান্দরবানের লামা উপজেলার বাসিন্দা।
এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার জানান, অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার অভিযান শুরু করেছে। অপহৃতদের দ্রুত উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





