ঈদগড় সড়কে অপহৃত ইউপি সদস্যকে ১৬ ঘন্টা পর উদ্ধার

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়ক থেকে অপহৃত ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রুস্তম আলীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া পাহাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

এর আগে একই দিন ভোর ৫টার দিকে ঈদগাঁও বাজার থেকে ঈদগড় যাওয়ার পথে পানেরছড়া ঢালা এলাকায় দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে যায়।

অপহরণের পরপরই অপহরণকারীরা রুস্তম আলীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে পরিবারের সদস্যরা জানান।

ঘটনার পর কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় এবং রামু থানার ওসি মনিরুল ইসলাম ভুইয়ার নেতৃত্বে পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে। রামু থানা পুলিশ ও ঈদগড় ফাঁড়ির একাধিক দল দিনব্যাপী ঈদগড় ও রশিদনগর ইউনিয়নের বিভিন্ন পাহাড়ি এলাকায় তল্লাশি চালায়।

অভিযানের একপর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে পানিরছড়া পাহাড়ি এলাকা থেকে অপহৃত ইউপি সদস্য রুস্তম আলীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

রামু থানার ওসি জানান, উদ্ধারকৃত রুস্তম আলীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন

Scroll to Top