চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার খননকাজ চলাকালে মাটি ধসে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।
বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত প্রায় ৩টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, রাতে খননকাজ চলার সময় হঠাৎ করে মাটি ধসে পড়ে চার শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- রাকিব ও তুষার। তাদের মধ্যে তুষারের বাড়ি দিনাজপুর জেলায়। আহত সাগর ও এরশাদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাতে চীনা হাইড্রো কোম্পানির কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
জসীম উদ্দীন বলেন, খননকাজ চলার সময় হঠাৎ মাটি ধসে পড়ে চার শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, আমাদের স্যুয়ারেজ প্রকল্পের কাজ চলছে। আগ্রাবাদ অ্যাকসেস রোডের ওই অংশে ট্রায়াল পিট করার কাজ চলছিল। গভীর রাতে কাজ করার সময় মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত ও দুজন আহত হয়েছে। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিনো হাইড্রোর কাজটি করছে। তাদের কাছে এক্সিডেন্ট রিপোর্ট চেয়েছি।
তিনি আরও বলেন, নিহত দুই শ্রমিকের পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে। পরিবারের সদস্যরা এসেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে ক্ষতিপূরণ পায়, সে বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে আমরা কথা বলছি।
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম জানান, চার শ্রমিককে হাসপাতালে আনা হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন এবং আহত দুজন ক্যাজুয়াল্টি ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





