চাটগাঁ নিউজ ডেস্ক: ভাষা সৈনিক, সাংবাদিক ও সমাজসংগঠক সৈয়দ মোস্তফা জামালের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) বিকেল ৩টায় নগরীর শাহ আমানত দরগাহ লেনস্থ তনজিমুল মোছলেমিন এতিমখানা মিলনায়তনে বাংলাদেশ সমাজকল্যাণ সমিতির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেন, সৈয়দ মোস্তফা জামাল ছিলেন একজন নিরহংকারী, ত্যাগী এবং আপাদমস্তক সৎ ও ভালো মানুষ। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের অন্যতম অগ্রসেনা হিসেবে তিনি চট্টগ্রাম অঞ্চলে আন্দোলন সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি বলেন, রাষ্ট্রভাষা আন্দোলনের সময় সৈয়দ মোস্তফা জামাল ঢাকা, চট্টগ্রাম ও দক্ষিণ চট্টগ্রামে ধর্মঘট সংগঠিত করেন এবং বৃহত্তর সাতকানিয়া থানায় আন্দোলনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
ড. খালিদ হোসেন আরও বলেন, তাঁর পিতা মৌলভী সৈয়দ সোলতান আহমদ ভারতীয় জাতীয় কংগ্রেসের সক্রিয় সংগঠক ছিলেন এবং ব্রিটিশবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি কলকাতাস্থ নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির প্রথম সাধারণ সম্পাদক ছিলেন এবং ব্রিটিশবিরোধী আন্দোলনে কারাবরণ করেন।
তিনি উল্লেখ করেন, সৈয়দ মোস্তফা জামাল দীর্ঘ তিন দশকেরও বেশি সময় সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দৈনিক আজাদ, দৈনিক সংবাদ, দৈনিক মিল্লাত ও সাপ্তাহিক সৈনিকসহ বিভিন্ন পত্রিকায় সহ-সম্পাদক ও সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেন।
অত্যন্ত বিনয়ী, নীতিবান, মানবতাবাদী ও সমাজহিতৈষী ব্যক্তি হিসেবে তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। মাওলানা ভাসানীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন এবং ‘রবুরিয়ত’ কায়েমের মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় ধারণ করতেন।
বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহর সভাপতিত্বে এবং বাংলাদেশ সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সোহেল তাজের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক, কবি ও প্রাবন্ধিক চৌধুরী গোলাম রব্বানী এবং অধ্যাপক শাব্বির আহমদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মা ও শিশু হাসপাতালের সভাপতি সৈয়দ মোরশেদ হোসেন, অধ্যাপক নইম কাদের, কাজী মাওলানা শিহাব উদ্দিন, অধ্যাপক ড. মোহাম্মদ ওয়ালি উল্লাহ মুঈন, চট্টগ্রাম চেম্বারের যুগ্ম সচিব নুরুল আবছার চৌধুরী, সাংবাদিক মোহাম্মদ কামাল উদ্দিন, আলহাজ্ব মোহাম্মদ কুতুব উদ্দিন, সাংবাদিক জামাল উদ্দিন ইউসুফ এবং মরহুমের পুত্র সৈয়দ গোলাম নবী।
চাটগাঁ নিউজ/এমকেএন





