উত্তরায় যাত্রা করল ‘মাইন্ড ব্লোয়িং মিডিয়া কমিউনিকেশন’

বিনোদন ডেস্ক: রাজধানীর উত্তরায় নতুন যাত্রা করল কাস্টিং হাউস ও মিডিয়া এজেন্সি ‘মাইন্ড ব্লোয়িং মিডিয়া কমিউনিকেশন’।

গত শুক্রবার (১৭ এপ্রিল) একটি শুটিং হাউসে বিজ্ঞাপনচিত্রের শুটিং চলাকালীন কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর, অভিনয়শিল্পী ও কাস্টিং ডিরেক্টর জাহিদ চৌধুরী এ সময় বলেন, তিনি অভিনয়ের পাশাপাশি গত পাঁচ বছর ধরে কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করছেন। একজন অভিনয়শিল্পী হয়ে আরেকজন শিল্পীকে চরিত্র অনুযায়ী খুঁজে বের করা যেমন আনন্দের, তেমনি কিছুটা চ্যালেঞ্জিংও।

তিনি আরও বলেন, আমি যখন প্রায় পনেরো বছর আগে মিডিয়ায় কাজ শুরু করি, তখন কোনো ধরনের সহযোগিতা পাইনি। কোথায় কাজ করব, কার সঙ্গে যোগাযোগ করব—এসব নিয়ে দিশেহারা ছিলাম। সে সময় এ ধরনের কোনো সুসংগঠিত এজেন্সিও ছিল না।

জাহিদ চৌধুরী উল্লেখ করেন, কলকাতায় অনেক বড় বড় কাস্টিং এজেন্সি থাকলেও বাংলাদেশে এখনো ভালো মানের প্রতিষ্ঠান খুবই কম। এই পেশাকে অনেকেই অবহেলার চোখে দেখলেও আন্তর্জাতিক পরিমণ্ডলে এর যথেষ্ট সম্মান রয়েছে।

তিনি জানান, নতুনদের জন্য কাজের সুযোগ সৃষ্টি করাই তাদের প্রধান লক্ষ্য। পাশাপাশি এই মিডিয়া হাউস থেকে নিয়মিত নাটক, বিজ্ঞাপনসহ বিভিন্ন ধরনের কনটেন্ট নির্মাণ করা হবে। নতুন যারা অভিনয়ে আগ্রহী, তাদের জন্য এটি একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী বাজার কনজ্যুমার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শাহিন আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী ও মডেল শাহজাদা কবীর শুভ, সামিয়া সুলতানা, মিজান রহমান, শাহানা আহমেদ, প্রীতি জান্নাত মিষ্টি, বিপন চৌধুরী, জাহিদ তানজির এবং শিশু শিল্পী মাহবুবা মাহি, আদিবা চৌধুরী ও রাফি।

বিজ্ঞাপনটির পরিচালক ছিলেন এ. এস. ইমন এবং চিত্রগ্রাহক হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ নয়ন।

শীঘ্রই বিজ্ঞাপনটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার করা হবে বলে জানানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top