চাটগাঁ নিউজ ডেস্ক: সৌদি আরবে অবস্থান করা রোহিঙ্গাদের মধ্যে যাঁদের নথিপত্র আছে, তাঁদের দ্রুত বাংলাদেশের পাসপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ সোমবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই নির্দেশ দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে তাঁরা দুই দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, সৌদি আরবে বসবাসরত ৬৯ হাজার মিয়ানমারের নাগরিক বা রোহিঙ্গার বাংলাদেশি পাসপোর্টসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।
এ সময় সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্টের বিষয়টি ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রদূত।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রয়োজনীয় কাগজপত্র বা প্রমাণ সাপেক্ষে ইতিমধ্যে ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদান করা হয়েছে। এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে বাংলাদেশ থেকে বিশেষ দলও (টিম) সৌদিতে পাঠানো হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যেসব মিয়ানমার নাগরিকের বাংলাদেশি নথিপত্র (ডকুমেন্টস) রয়েছে বা যাঁরা প্রয়োজনীয় শর্ত পূরণ করেছেন, তাঁদের দ্রুত পাসপোর্ট প্রদান করতে হবে।’
এ ক্ষেত্রে সৌদি আরব থেকে পূর্ণাঙ্গ তালিকা নিয়ে পুনরায় যাচাই-বাছাই করার নির্দেশ দেন তিনি।
চাটগাঁ নিউজ/জেএইচ






