সংরক্ষিত নারী আসনে চট্টগ্রাম থেকে একমাত্র প্রার্থী শাকিলা ফারজানা

চাটগাঁ নিউজ ডেস্ক: সংরক্ষিত নারী আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন পেয়েছেন চট্টগ্রামের ব্যারিস্টার শাকিলা ফারজানা। বিএনপির প্রেস উইং সূত্রে জানা গেছে, ঘোষিত ৩৬ জন প্রার্থীর তালিকায় চট্টগ্রাম অঞ্চল থেকে একমাত্র প্রার্থী হিসেবে জায়গা পেয়েছেন তিনি।

হাটহাজারী উপজেলার এই কৃতী আইনজীবীর শ্বশুরবাড়ি পটিয়া পৌরসভার দক্ষিণঘাটা এলাকায়। তার স্বামী বাহাউদ্দীন স্থানীয়ভাবে পরিচিত একটি ব্যবসায়ী পরিবারের সন্তান।

পারিবারিকভাবে রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে শাকিলা ফারজানার। তার বাবা প্রয়াত সৈয়দ ওয়াহিদুল আলম বিএনপির মনোনয়নে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং জাতীয় সংসদের হুইপ হিসেবেও দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনে সাফল্যের ছাপ রেখেছেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি লন্ডনের দ্য সিটি ল’ কলেজ থেকে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমাও সম্পন্ন করেন।

২০০৯ সালে বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন শাকিলা ফারজানা। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে ২০১৫ সালের ১৮ আগস্ট একটি মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১০ মাস কারাভোগও করতে হয় তাকে। বর্তমানে তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় সূত্র বলছে, উচ্চ আদালতে বিভিন্ন রাজনৈতিক মামলায় সক্রিয় ভূমিকা পালন এবং তৃণমূল পর্যায়ে নিয়মিত সম্পৃক্ততা তার মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এতে দলের শীর্ষ পর্যায়ের সঙ্গে তার যোগাযোগও দৃঢ় হয়েছে।

মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় শাকিলা ফারজানা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দলের আস্থার প্রতিদান দিতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি এটিকে দায়িত্ব ও প্রেরণার প্রতীক হিসেবে দেখছেন এবং দেশের মানুষের জন্য আরও বড় পরিসরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এছাড়া পরিবার, সহকর্মী ও সমর্থকদের অবদানের কথাও স্মরণ করেন তিনি। বিশেষভাবে হাটহাজারীর মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবার দোয়া ও সমর্থন কামনা করেন এই নবমনোনীত প্রার্থী।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top