দেশজুড়ে শুরু হয়েছে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি

চাটগাঁ নিউজ ডেস্ক: দেশজুড়ে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এর আওতায় হাম-রুবেলার বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে।

ইপিআই’র সহকারী পরিচালক হাসানুল মাহমুদ জানিয়েছেন, দেশের ১৮ জেলার ৩০টি উপজেলা এবং ৪টি সিটি করপোরেশনসহ সারাদেশেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এর আগে ৫ এপ্রিল প্রথম ধাপে ১৮ জেলার ৩০ উপজেলায় টিকাদান কার্যক্রম শুরু হয়, যা চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। দ্বিতীয় ধাপ শুরু হয় ১২ এপ্রিল, যেখানে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, বরিশাল ও ময়মনসিংহ সিটি করপোরেশনে টিকাদান চলছে এবং তা ১২ মে পর্যন্ত চলবে। নতুন করে শুরু হওয়া দেশব্যাপী এই বিশেষ ক্যাম্পেইন সিটি করপোরেশন এলাকায় ২০ মে এবং অন্যান্য স্থানে ১২ মে পর্যন্ত চলবে।

উদ্বোধনী কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানা গেছে। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে অবস্থিত ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারি’তে সকালে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

স্বাস্থ্য মন্ত্রী এক ভিডিও বার্তায় বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ। ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার এ উদ্যোগ নিয়েছে। তিনি অভিভাবক, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা ও স্থানীয় প্রশাসনের সবাইকে শিশুদের টিকা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, যেসব শিশুর জ্বর রয়েছে বা বর্তমানে অসুস্থ, তাদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়াই উত্তম। পাশাপাশি প্রথম ডোজ নেওয়ার পর চার সপ্তাহ পূর্ণ না হলে পুনরায় টিকা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top